Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

বিশ্ব

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




ওমরাহ খাতে সেবার মান উন্নত করতে বড় পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ কার্যক্রমে যুক্ত প্রায় পাঁচ হাজার ৮০০ বিদেশি ভ্রমণ সংস্থার মধ্যে এক হাজার ৮০০টির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তাদের অবস্থান সংশোধনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে।


রবিবার সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক

প্রতিবেদনে জানানো হয়, নিয়মিত পর্যায়ক্রমিক মূল্যায়নের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


মূল্যায়নে এসব সংস্থার কার্যক্রমে ত্রুটি ও সেবার মানে ঘাটতির বিষয়টি উঠে এসেছে। মন্ত্রণালয় জানায়, এই স্থগিতাদেশ কেবল নতুন ওমরাহ ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদ্যমান কার্যক্রমের ওপর এর কোনো তাৎক্ষণিক প্রভাব পড়বে না। এটি একটি নিয়ন্ত্রক ব্যবস্থার অংশ, যার লক্ষ্য হলো সংস্থাগুলোকে শ্রেণিবিন্যাসসংক্রান্ত সমস্যা সমাধান এবং অনুমোদিত মানদণ্ড মেনে চলতে উৎসাহিত করা।


মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বৈধ ভিসা কিংবা পূর্বে সম্পন্ন রিজার্ভেশনধারী ওমরাহ যাত্রীদের ওপর এই সিদ্ধান্তের কোনো প্রভাব পড়বে না। তাদের সেবা কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে। তারা জানায়, অনুমোদিত শ্রেণিবিন্যাস ও কর্মক্ষমতার মানদণ্ড ঠিকভাবে বাস্তবায়ন করা এবং সেবার মান নির্ধারিত পর্যায়ে রাখতেই এই নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া হয়েছে।


মন্ত্রণালয় বলেছে, ওমরাহ যাত্রীদের অধিকার রক্ষা এবং সেবার ধারাবাহিকতা বজায় রাখা তাদের সব ধরনের নিয়ন্ত্রক কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার।


মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল-নওয়াইমি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করতে না পারলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, ওমরাহ খাতকে আরও নির্ভরযোগ্য করতে এবং যাত্রীদের অধিকার সুরক্ষায় মন্ত্রণালয় নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম চালিয়ে যাবে।


সূত্র : আরব নিউজ।

১ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন