মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর আঘাত হানার হুমকি দিয়েছেন। শনিবার (৭ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ইরান ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণের মতো অবস্থান নিয়েছে। তিনি বলেন, ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর প্রতিবেশী দেশগুলোর
ওপর হামলা চালাবে না।তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার চাপের কারণেই ইরান এমন প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে।
এর আগে সাম্প্রতিক হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, গত শুক্রবার দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে—যদি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনো হামলা না হয়, তাহলে ইরানও সেসব দেশের বিরুদ্ধে আর কোনো হামলা চালাবে না।
তবে ট্রাম্পের এই ব্যাখ্যাকে সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। তিনি বলেন, পেজেশকিয়ানের বক্তব্যকে আত্মসমর্পণ হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।
ইরানের চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লো হাউসের পরিচালক হামিদরেজা গোলামজাদে আরও বলেন, ইরান মূলত প্রতিবেশী দেশগুলোর কাছে অনুরোধ করেছে যেন তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে সহযোগিতা না করে এবং তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলা চালাতে না দেয়। তার মতে, এমন অনুরোধ আন্তর্জাতিকভাবে স্বাভাবিক ও আইনসিদ্ধ।
১ দিন আগে সোমবার, মার্চ ৯, ২০২৬
