Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

লিড নিউজ

ইসরায়েলকে পুরোপুরি মুছে ফেলার ইরানের পরিকল্পনা ব্যর্থ: ট্রাম্প

ডেস্ক রিপোর্টঃ
১১ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬
# ফাইল ফটো



মধ্যপ্রাচ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং ইসরায়েল রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলার ইরানের পরিকল্পনা এখন পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৩ মার্চ) রাতে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরান দীর্ঘদিন ধরে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ইসরায়েলকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছিল। তবে তেহরানের সেই

উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো এখন কার্যত শেষ হয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোটের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। ট্রাম্পের মতে, ইরানের বহুদিনের সামরিক ও রাজনৈতিক লক্ষ্য এখন আর কার্যকর নেই।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পরিপ্রেক্ষিতেই তিনি এই দাবি করেন। ওই বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এতে ইরানের নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।

চলমান সংঘাতের ধারাবাহিকতায় শুক্রবারও ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে অবস্থিত সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে ইতিহাসের অন্যতম শক্তিশালী সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনীর সক্ষমতা ভেঙে দেওয়াই এই অভিযানের প্রধান লক্ষ্য।

ট্রাম্প আরও বলেন, ইরানের পরিকল্পনার মতোই এখন সেই লক্ষ্যগুলোও কার্যত শেষ হয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে তেহরানের পক্ষে আগের অবস্থানে ফিরে যাওয়া অত্যন্ত কঠিন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে চলমান এই যুদ্ধে ইরানের সামরিক অবকাঠামো ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান পরিচালনা করছে। এর ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।

১১ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন