মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের বিষয়ে বাংলাদেশকে ইরান কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বৃহস্পতিবার (২৬ মার্চ) এ কথা জানিয়েছেন ওই কর্মকর্তা।
ভারত, পাকিস্তান, চীন ও রাশিয়াসহ কয়েকটি ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের জন্য হরমুজ প্রণালি খোলা রাখছে ইরান—বিভিন্ন গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে
বাংলাদেশের অবস্থা জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরান এমন কোনো নির্দেশনা জারি করেনি যা হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেয়।’তিনি আরও বলেন, ‘আমরা শত্রু দেশ নই। তাই আমাদের জাহাজ চলাচল বন্ধ করার প্রশ্নই আসে না।’ এছাড়া আগামী দুই মাসে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার মতো কোনো জাহাজ বাংলাদেশ ভাড়া করেনি বলেও জানান তিনি।
এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাক্ষাৎকারের বরাতে আজ বিভিন্ন গণমাধ্যম হরমুজ প্রণালি দিয়ে কোন কোন দেশের জাহাজ চলাচল করতে পারবে, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সূত্র: দ্য ডেইলি স্টার
৫ ঘন্টা আগে বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
