কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায়
আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপ।সংঘর্ষে দেলোয়ার হোসেন নয়ন ও মোঃ আব্দুর রাজ্জাক নামের দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এর আগেও গত ৩ আগস্ট ২০২৫ তারিখে একই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামে একজন সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার জেরে গ্রামে এক পক্ষ অপর পক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বেশ কয়েকটি পরিবারের সদস্য দীর্ঘদিন এলাকা ছেড়ে বাইরে অবস্থান করতে বাধ্য হয়।
সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
এই বিষয়ে নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতারের পুলিশ অভিযান শুরু করেছে
১৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
