Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১১, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

লিড নিউজ

ইরানের শর্ত মেনে জব্দ সম্পদ ছাড়তে সম্মত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ
৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬
# ফাইল ফটো


আলোচনা শুরুর আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, এই পদক্ষেপকে তারা যুক্তরাষ্ট্রের ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখছেন। একই সঙ্গে এটি আলোচনার বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতার ইঙ্গিতও বহন করে।

ওই কর্মকর্তা আরও বলেন,

জব্দ সম্পদ ছাড়ার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ, ইরান যদি ওই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের আটকে রাখা সম্পদ মুক্ত করবে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ এবং ইরানের জব্দ সম্পদ মুক্ত না হওয়া পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু হবে না।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের রপ্তানি আয়ের বিপুল অর্থ বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর দুই পক্ষের মধ্যে টানা ৪০ দিন সংঘাত চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে সামরিক অভিযান শুরু হতে পারে। তিনি জানান, সে লক্ষ্যে জাহাজগুলো ইতোমধ্যে অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।

সূত্র: রয়টার্স

৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন