খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের রাজস্ব প্রয়োজন এবং প্রচুর ভর্তুকিও দিতে হয়। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়। তাই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে সাধারণ মানুষের তেমন কোনো অসুবিধা হবে না।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এছাড়া,
খাদ্য উপদেষ্টা আরও জানান, এ বছর অকাল বন্যায় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, যার ফলে খাদ্য নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। তবে সরকারের পক্ষ থেকে সেই ঘাটতি পূরণের জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করার ব্যবস্থা করা হয়েছে। তিনি আশাবাদী যে, আগামীতে ভালো ফসল হবে এবং ইরি ধানের বাম্পার ফলন হলে দেশে চালের অভাব হবে না, ফলে আর বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না।তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে বিদেশ থেকে খাদ্য আমদানি করা এবং সেগুলি দেশের বিভিন্ন অঞ্চলে সঠিকভাবে পৌঁছানো। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে। এছাড়া, ওএমএস-এর সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে। ইতোমধ্যে, প্রতি উপজেলায় দুই টন চাল বিতরণ করা হয়েছে এবং খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী দুই মাসে ৫০ লাখ উপকারভোগী ১৫ টাকা কেজিতে ৩০ কেজি চাল পাবেন।
খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে এক প্রশ্নের উত্তরে আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য মন্ত্রণালয়ে কিছু অনিয়ম রয়েছে এবং সেই বিষয়ে দুদক অনুসন্ধান করছে। ভবিষ্যতে এ অনুসন্ধান চলবে।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
