রাস্তা হতে হবে একদম সিধে। মুই কিন্তু রাডার ফিট করছু (আমি রাডার ফিট করেছি)। সবদিকে নজর আছে আমার। কে কী করছেন, সব জানি। ঠাকুরগাঁওয়ে নিজ দলের নেতাকর্মীদের ঠিক এই ভাষাতেই কড়া বার্তা দিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ মার্চ) দুপুরে রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাফ জানিয়ে দেন, দলের অন্দরে কোনো প্রকার
দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের পর ক্ষমতায় এলেও নেতাকর্মীদের রাশ টানতে মরিয়া বিএনপি শীর্ষ নেতৃত্ব। এদিন ফখরুলের গলায় ছিল স্বভাবসিদ্ধ কাঠিন্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একচুল এদিক-ওদিক হলে ক্ষমা করা হবে না। নেতৃত্ব তো যাবেই, নেওয়া হবে আইনি ব্যবস্থাও।
একদিকে যখন দলের অন্দরে শৃঙ্খলা ফেরানোর লড়াই, অন্যদিকে তখন ঘনিয়ে আসছে বিশ্ব অর্থনীতি ও যুদ্ধের কালো মেঘ। মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে দেশবাসীকে সতর্ক করেছেন মির্জা ফখরুল। তার কথায়, সামনে খুব একটা ভালো সময় নেই। যুদ্ধ আমাদের বড় ক্ষতি করছে। তেলের দাম বাড়বে, পাল্লা দিয়ে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। সেই কঠিন সময় সয়ে নিয়েই আমাদের এগোতে হবে।
তেল সংকট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভকে মান্যতা দিলেও আইন হাতে তুলে নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। পাম্প ভাঙচুর বা অস্থিরতা সৃষ্টিকারীদের উদ্দেশে তিনি বলেন, মব (উচ্ছৃঙ্খল জনতা) আমরা কঠোর হস্তে দমন করব। গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না।
এদিন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার করার প্রচেষ্টাকেও তীব্র আক্রমণ করেন বিএনপি মহাসচিব। কোনো দলের নাম না নিয়ে তিনি বলেন, কিছু মানুষ মা-বোনদের ভুল বুঝিয়ে বেহেশতে নেওয়ার কথা বলে। ধর্মকে ব্যবহার করা যায় না। এ দেশের মানুষ ধার্মিক, কিন্তু তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমরা কাজ করতে এসেছি, কাজের মাধ্যমেই মানুষের সেবা করব।
তিনি স্পষ্ট জানান, সৎ পথে চলা এবং হালাল রুজি উপার্জনের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব, নিছক রাজনৈতিক স্লোগানে নয়।
বিএনপি মহাসচিব বলেন, কৃষি ঋণ মওকুফের যে কথা আমরা দিয়েছিলাম, তা পালন করেছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষকদের সহায়তায় ফ্যামিলি কার্ডের পরিধি বাড়ানো হচ্ছে। সারা দেশে কয়েক কোটি নারীকে এই সহায়তার আওতায় আনা হবে। পাশাপাশি ২০ হাজার খাল খননের যে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, তা দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিনের কর্মসূচিতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা ও পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।
১ ঘন্টা আগে সোমবার, মার্চ ২৩, ২০২৬
