ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান ।
সেই সাথে আলোচনায় রয়েছেন কারা আসছেন মন্ত্রিসভায়।
কুমিল্লা দক্ষিণ জেলায় বেশ কয়েকজনের নাম শোনা গেলেও বিভিন্ন সূত্রমতে, কুমিল্লা- ৮ (বরুড়া) সংসদীয় আসনে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থী, দক্ষিণ জেলা
বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনই মন্ত্রিত্ব পাওয়া দৌড়ে এগিয়ে রয়েছেন। বেশ কয়েকটি সাংগঠনিক সফলতা তাকে এই দৌড়ে এগিয়ে রাখছে।যেমন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দায়িত্ব নেয়ার পর দায়িত্বপূর্ণ এলাকায় সফলভাবে সাংগঠনিক কর্মকাণ্ডগুলো সম্পন্ন করেছেন। দলের মধ্যে অন্ত:র্কোন্দল নিরসনে সক্রিয় ছিলেন। সর্বশেষ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সমঝোতায় আনতে সচেষ্ট ছিলেন।
কুমিল্লা-৫ (বুড়িচং-বি পাড়া) সংসদীয় আসনে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান ও বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীনের মধ্যে সমঝোতার ব্যবস্থা করেছিলেন জাকারিয়া তাহের সুমন। এছাড়া তিনি নিজ সংসদীয় এলাকায় বিপুল ভোটের ব্যবধানে জামায়াতের হেভিওয়েট প্রার্থী শফিকুল হক হেলালকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সাংগঠনিকভাবে সফল এই ক্লিন ইমেজের রাজনীতিবিদ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের অন্যতম আস্থাভাজন হিসেবে পরিচিত। যার ফলে তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বলে কেন্দ্রীয় অনেক সূত্র মনে করছেন।
এই বিষয়ে জানতে জাকারিয়া তাহের সুমনের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।
৬ ঘন্টা আগে শনিবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৬
