জ্বালানি সংকটের কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বর্তমান পরিস্থিতিকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ বলে উল্লেখ করেন।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান,
জ্বালানি সংকট কেবল জ্বালানি খাতেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়ছে পণ্য পরিবহন, খাদ্যপণ্যসহ পুরো সরবরাহ ব্যবস্থায়। ফলে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে—এ নিয়ে কোনো সন্দেহ নেই।তিনি আরও বলেন, এ সংকট বৈশ্বিক বাস্তবতার অংশ। যুক্তরাষ্ট্রে তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বাংলাদেশে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি, তবে এই পরিস্থিতি কতদিন ধরে রাখা যাবে, তা অনিশ্চিত।
অর্থমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর চাপ কম রাখার চেষ্টা চলছে। তবে দীর্ঘমেয়াদে এই চাপ বহন করা সরকারের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
সরকারি তহবিল ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব শেষ পর্যন্ত জনগণের ওপরই পড়বে উল্লেখ করে তিনি বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
৮ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬
