Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

ড. মুহাম্মদ ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা নেই: আপিল বিভাগ

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচটি মামলার কার্যক্রম বাতিলের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ে কোনো আইনি দুর্বলতা নেই বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শনিবার (১১ জানুয়ারি) ড. ইউনূসের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান এই আদেশের বিষয়টি আদালতে জানান।


এর আগে গত ৮ ডিসেম্বর বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন

আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন। সম্প্রতি ওই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়েছে।


আপিল বিভাগের আদেশে বলা হয়, হাইকোর্টের দেওয়া রায়ে কোনো আইনি ত্রুটি বা দুর্বলতা নেই এবং এতে হস্তক্ষেপ করার প্রয়োজনও দেখা যায়নি। এ কারণেই রাষ্ট্রপক্ষের করা ‘লিভ টু আপিল’ আবেদনগুলো খারিজ করা হয়েছে।


ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যখন শ্রম আদালতে পৃথক পাঁচটি মামলা হয়, তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে ২০১৯ সালে মামলাগুলো করা হয়। 


সেই মামলার কার্যক্রম বাতিল চেয়ে ২০২০ সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। সে সব রুলের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ২৪ অক্টোবর হাইকোর্ট রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে মামলাগুলোর কার্যক্রম বাতিলের রায় দেন। হাইকোর্টের সে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পৃথক পাঁচটি ‘লিভ টু আপিল’ করে। শুনানি শেষে সেই ‘লিভ টু আপিল’গুলো খারিজ করে গত ৮ ডিসেম্বর আপিল বিভাগ আদেশ দেন।



আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান শুনানি করেন।

২৩ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন