নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য হতাশার বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স।
ইউটিউবে
‘এবি ডি ভিলিয়ার্স ৩৬০’ নামে ডি ভিলিয়ার্সের একটি চ্যানেল আছে। সেখানে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ মতামত দেওয়ার পাশাপাশি আড্ডার মেজাজে তারকা ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। দুই দিন আগে এ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলা প্রসঙ্গে কথা বলেন তিনি।একজন দর্শক ডি ভিলিয়ার্সের কাছে জানতে চান, বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার বিষয়ে তার ভাবনা কী? এ প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি কারও পক্ষ নিতে চাই না। এটা রাজনৈতিক ইস্যু এবং তাদের ব্যক্তিগত বিষয়। আমার কাছে এ বিষয়ে পর্যাপ্ত তথ্যও নেই। মন্তব্য করার মতো জানাশোনাও নেই আমার। তবে এটা বলতে পারি, ব্যাপারটা কখনোই ওই পর্যন্ত যাওয়া উচিত নয়, যেখানে একটি দলকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়। খারাপ লাগছে। খেলাটির জন্য এটা হতাশার বিষয়। এমনটা কখনো হওয়া উচিত নয়।’
তিনি আরও বলেন, ‘জানি না কারা এর নিয়ন্ত্রক, কারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের এসব সমাধান করা উচিত। এ নিয়ে আগেও অনেক কথা বলেছি। ক্রিকেটের সঙ্গে রাজনীতির জড়িয়ে পড়াকে আমি ঘৃণা করি এবং এই কারণেই ব্যাপারটা এ পর্যন্ত এসেছে। এটা খুবই দুঃখজনক।’
৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
