ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচের ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত শনিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে উয়েফা ও কনমেবল।
শুক্রবার অনুষ্ঠিত এক বৈঠকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া অংশ নেন। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী, তাপিয়া এবং কনমেবল সভাপতি আলেহান্দ্রো
দোমিনগেজ ম্যাচটি আয়োজনের জন্য পর্তুগাল, ইংল্যান্ড বা ইতালির নাম প্রস্তাব করেছেন।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দুই কনফেডারেশনের প্রতিনিধিরা শনিবার আবারও বৈঠকে বসবেন।
মূলত ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রভাব কাতারেও পড়ায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন নিরাপত্তাজনিত কারণে সব ধরনের টুর্নামেন্ট ও প্রতিযোগিতা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত জানায়। যদিও স্পেন-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তারা।
এর আগে বৃহস্পতিবার ক্লদিও তাপিয়া জানান, ম্যাচটি আর্জেন্টিনায় আয়োজনের বিষয়েও তিনি আগ্রহী। এদিকে রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামও সম্ভাব্য ভেন্যু হিসেবে আলোচনায় এসেছে।
স্পেনীয় ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান গত সোমবার জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই ফিনালিসিমা নিয়ে সিদ্ধান্ত হওয়া জরুরি। তিনি বলেন, “আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সময় খুবই কম। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই ম্যাচ দুটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিও সংহতি জানান তিনি। লুজান বলেন, “কাতার, সৌদি আরবসহ অন্যান্য দেশ প্রতিদিন কী ধরনের কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে, তা আমাদের ভাবা উচিত। গত শনিবার থেকে আমরা বিভিন্ন দলের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছি এবং দ্রুত একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর চেষ্টা করছি।”
১০ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬
