দীর্ঘ সাত বছর পর নতুন রূপে আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। তবে এই পরিবর্তন কোনো চরিত্রের প্রয়োজনে নয়, বরং বাস্তব জীবনেই তিনি এখন এমন ভিন্ন লুকে হাজির হয়েছেন।
আগামী ৪ এপ্রিল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে অংশ নেবেন তিনি। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট শো।
২০১৯
সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বিপাশা হায়াত। অভিনয় থেকে দূরে থাকলেও তিনি নিয়মিতভাবে চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন। অভিনয়ে ফেরার প্রসঙ্গে তিনি জানান, তিনি আসলে অভিনয় থেকে অবসর নেননি। বরং এখন এমন চরিত্রে কাজ করতে চান, যেখানে নিজেকে ভেঙে গড়ে তুলতে হবে, কঠোর পরিশ্রম ও সাধনার সুযোগ থাকবে।নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ বিভিন্ন বাণিজ্যিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। এমনকি বলিউড থেকেও তার কাছে সিনেমার অফার এসেছিল বলে জানান এই অভিনেত্রী।
এছাড়া দেশের পথশিশুদের জন্য কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন বিপাশা হায়াত। তিনি বলেন, সুযোগ পেলেই সরকার বা প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পথশিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন রুম্মান রশীদ খান এবং প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।
৫ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬
