Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ক্যাম্পাস

‎শিক্ষকদের নিয়ে অপ্রীতিকর মন্তব্য: কুবি ছাত্রদল আহবায়ককে ক্ষমা চাওয়ার দাবি অন্যান্য সংগঠনের

কুবি প্রতিনিধি
১ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
# ফাইল ফটো



‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি, আপগ্রেডেশনসহ পেশাগত সুযোগ-সুবিধা নিয়ে ছাত্রদল আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনগুলো। এ বক্তব্যকে আপত্তিকর ও হুমকিমূলক উল্লেখ করে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনগুলো।

‎

‎সোমবার (৯ নভেম্বর) পৃথক বিবৃতিতে প্রতিক্রিয়ায় এসব দাবি জানান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও জাতীয় ছাত্রশক্তিসহ অন্যান্যরা।

‎

‎এর আগে গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর অনুষ্ঠানে অনুপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। অনুষ্ঠানে অনুপস্থিত থাকার কারণে ভবিষ্যতে তাঁদের পদোন্নতি, আপগ্রেডেশনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার আবেদন বিবেচনার ক্ষেত্রে মনে রাখার কথা বলেন তিনি। তাঁর এ বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।

‎

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুবি শাখার সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, "কুবি ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ভাই শিক্ষক-কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা বুঝে শুনেই হোক বা অনিচ্ছাকৃত ‘স্লিপ অব টাং’—যেভাবেই ঘটুক না কেন, ওনার দ্রুত বিষয়টি পরিষ্কার করা দরকার। আমি মনে করি ওনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। একটি ছাত্র সংগঠনের শীর্ষ ও দায়িত্বশীল জায়গায় থেকে শিক্ষক-কর্মচারীদের পেশাগত অধিকার ক্ষুণ্ণ করে এ ধরনের মন্তব্য কোনোভাবেই কাম্য নয়।"

‎

‎এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি কুবি শাখার পক্ষ থেকে বলা হয়, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতি কিংবা সুযোগ-সুবিধা নিয়ে ছাত্রদলের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি কারও ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের জায়গা নয়; তাই সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রত্যাহার, সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান ও ভুল স্বীকার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানাচ্ছি।"

‎

‎

‎

‎ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে পদোন্নতি আটকানো বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার মতো ভীতির রাজনীতি কোনোভাবেই কাম্য নয় এবং তা সুষ্ঠু পরিবেশের পরিপন্থী। শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা দলীয় সংশ্লিষ্টতার ভিত্তিতে নয়, আইন অনুযায়ী প্রাপ্যতার ভিত্তিতে হওয়া উচিত; অন্যথায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে দলীয়করণের চর্চা শুরু হবে। প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তিদের উপস্থিতিতে এমন ঘটনা ঘটায় তিনি কর্তৃপক্ষের স্পষ্ট বক্তব্য দাবি করেন এবং ছাত্রদলকে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ‘দেখে নেওয়ার’ মতো আচরণ থেকে সরে আসার আহ্বান জানান।

১ দিন আগে বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন