Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

লিড নিউজ

সীমান্তে গুলির ঘটনায় মায়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
# ফাইল ফটো



কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তে মায়ানমার দিক থেকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে আজ মঙ্গলবার দুপুরে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় গুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে। 


পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পেরিয়ে চালানো ওই গুলিবর্ষণে ১২ বছর বয়সী এক বাংলাদেশি

কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বলে উল্লেখ করে।


বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পূর্ণ দায় মায়ানমারকে নিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনোভাবেই এমন সীমান্তবর্তী গুলিবর্ষণ না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এ ছাড়া মায়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে—সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


এসময় মায়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


তিনি আহত শিশুটির প্রতি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

৯ দিন আগে মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন