বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেসসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের সন্তান সালেহ শিবলী। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আবু আবদুল্লাহ এম ছালেহ প্রকৃত নাম হলেও তিনি সালেহ শিবলী নামে পরিচিত।
প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা
কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদায় ও বেতনে (৭৮ হাজার টাকা নির্ধারিত) প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময়ও সালেহ শিবলী তার প্রেসসচিব ছিলেন। চার দলীয় জোট সরকারের সময়ে কলকাতা উপ-হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন শিবলী।
শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন।
দীর্ঘ সময় ধরে বাংলাদেশের সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশের নারীর ক্ষমতায়ন নিয়ে জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রিজে তার একাধিক নিবন্ধ প্রকাশ করেছেন। শিবলী গণমাধ্যম ও প্রশাসন সম্পর্কিত বিষয়ে পিএইচডি অর্জন করেছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সিডনি পলিসি এন্ড রিসার্চ সেন্টারের সঙ্গে নন রেসিডেন্ট ফেলো হিসেবেও কাজ করছেন।
১৩ ঘন্টা আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৬
