Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১১, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

লিড নিউজ

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র‍্যাব

ডেস্ক রিপোর্টঃ
৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬
# ফাইল ফটো


চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা সম্পন্ন হলে যেকোনো সময় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব

চৌধুরী।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘আনবায়াসড’ বা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তালিকায় থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইন্তেখাব চৌধুরী বলেন, চাঁদাবাজি কোনো একটি খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়ককেন্দ্রিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি, সব ধরনের চাঁদাবাজিকেই এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট-বড় সব স্তরের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে চান না। তাই গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা তৈরির ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কাজ শেষ হলেই মাঠে অভিযান শুরু করা হবে, যা যে কোনো সময় শুরু হতে পারে।

৮ ঘন্টা আগে শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন