Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, মার্চ ৩০, ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

লিড নিউজ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধের নির্দেশ ইউজিসির

ডেস্ক রিপোর্টঃ
৬ ঘন্টা আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬
# ফাইল ফটো



দেশে সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর অনুমোদন ছাড়া পরিচালিত সব দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস ও স্টাডি সেন্টারের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে ইউজিসি।

সোমবার (৩০ মার্চ) ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে বৈধতা পেতে আগামী ২৫

এপ্রিলের মধ্যে কমিশনের কাছে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকার ও ইউজিসির অনুমতি ছাড়াই দেশে বেশ কিছু দেশি-বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে, যা নিয়ে কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যে এ ধরনের অননুমোদিত প্রতিষ্ঠানের একটি তালিকাও কমিশনের হাতে এসেছে।

ইউজিসি জানায়, ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট নিয়মাবলি রয়েছে। ওই বিধিমালার ৪(৩) এর দফা (ঝ) অনুযায়ী, অননুমোদিত প্রতিষ্ঠানগুলোকে ২৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে কমিশনে আবেদন করে বৈধতার আওতায় আসতে হবে।

ইউজিসির পরিচালক মোছা. জেসমিন পারভীন স্বাক্ষরিত নির্দেশনায় আরও বলা হয়, আবেদন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হবে। অন্যথায়, অননুমোদিতভাবে কার্যক্রম চালিয়ে গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

৬ ঘন্টা আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন