Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

কুমিল্লা-৩ আসন থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

ডেস্ক রিপোর্ট:
৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে কুমিল্লা থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রমজানুল করিম নামের এক ব্যক্তি।


খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে।

তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।


মনোনয়ন সংগ্রহের বিষয়ে রমজানুল করিম বলেন, ‘সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। গত বুধবার তাঁর পক্ষের লোকজন ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে বলেন। পরে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে তাঁদের দিয়ে দিয়েছি। তিনি শেষ পর্যন্ত এই আসন থেকে নির্বাচন করবেন কি না, এ বিষয়ে আমি কিছুই জানি না।’


আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি মুরাদনগর উপজেলায়। উপদেষ্টা পদে দায়িত্ব পালনের সময় গুঞ্জন ছিল তিনি কুমিল্লা-৩ আসন থেকে ভোটে লড়বেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন তিনি।


এদিকে ঢাকা-১০ আসনের পাশাপাশি ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জন্যও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে গতকাল শুক্রবার রাতে।


শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান (পরাগ) আসিফ মাহমুদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘আমিও বিষয়টি গতকাল রাতে শুনেছি। তবে আসিফ মাহমুদ মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন-বিষয়টি নিয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আসিফ মাহমুদও আমাদেরকে কিছুই বলেননি। কীভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটাও জানি না। আমরা জানি তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন এবং সেটাই চূড়ান্ত।’

৮ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন