কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা উপলক্ষে সারা দেশ থেকে আগত পরীক্ষার্থীদের জরুরি সহায়তায় ফ্রি বাইক সার্ভিস ও তথ্যসেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে “সবার আগে বাংলাদেশ ফ্রি বাইক
সার্ভিস” এর মাধ্যমে বিনামূল্যে বাইক সেবা প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তার জন্য স্থাপন করা হয়েছে একটি তথ্য ও সহায়তা কেন্দ্র।সহায়তা কেন্দ্র থেকে পরীক্ষার্থী ও অভিভাবকরা পাচ্ছেন-বিশুদ্ধ পানির ব্যবস্থা, অভিভাবকদের বসার স্থান, শিশুদের জন্য চকলেট, প্রশিক্ষিত মেডিকেল টিমের সেবা এবং প্রয়োজনে পরীক্ষার্থীদের দ্রুত অন্য কেন্দ্রে পৌঁছানোর প্রাথমিক সহায়তা। সব মিলিয়ে ভর্তি পরীক্ষা যেন স্বস্তিদায়ক ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শাখা সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়েই এই তথ্য ও সহায়তা কেন্দ্র চালু থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভর্তি পরীক্ষার্থীদের জন্য সেবা ও সহায়তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। তথ্য কেন্দ্র ও ফ্রি বাইক সার্ভিসসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করছি, যেন শিক্ষার্থীরা নিরাপদ ও স্বস্তিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন।”
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
