Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

শিক্ষা

গত বছরের মতো এই ঈদেও কুবির বিজয়-২৪ হলে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার

কুবি প্রতিনিধি:
৬ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬
# ফাইল ফটো



গত বছরের ধারাবাহিকতায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছেন হলটির প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

শনিবার (১৪ মার্চ) বিজয়-২৪ হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন দুপুরে হলে অবস্থানরত শিক্ষার্থীদের

জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। এ উপলক্ষে ঈদের সময় হলে অবস্থানকারী শিক্ষার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, আগামী ১৭ মার্চ ২০২৬ (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে বিজয়-২৪ হলের নতুন অংশের গেইটে সংরক্ষিত খাতায় শিক্ষার্থীদের নাম লিপিবদ্ধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা নাম নিবন্ধন করবেন, কেবল তাদের জন্যই বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলে অবস্থানরত অধিকাংশ শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে ঈদের দিনের খাবারের মেন্যুও নির্ধারণ করা হবে।

এ বিষয়ে হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরের মতো এ বছরও বিজয়-২৪ হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করছি। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন কারণে ঈদের সময় বাড়ি যেতে পারে না। তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, “বিজয়-২৪ হলে প্রতি মাসে চা-নাস্তার জন্য কিছু টাকা বরাদ্দ থাকে। আমি সেগুলো তেমন খরচ করি না। সেই সঞ্চিত অর্থ থেকেই শিক্ষার্থীদের জন্য এই আয়োজন করা হচ্ছে, যাতে তারা বাড়ি যেতে না পারলেও ঈদের দিনে ভালো খাবার খেতে পারে।”

৬ ঘন্টা আগে শনিবার, মার্চ ১৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন