কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় শহীদ ওসমান হাদী গার্ডিয়ান প্যাভিলিয়ন স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে আগত অভিভাবকদের বসার ব্যবস্থা, বিশ্রাম ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের
লক্ষ্যে এই গার্ডিয়ান প্যাভিলিয়ন চালু করা হয়। প্যাভিলিয়নে ছাত্রশিবিরের কর্মীরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন বলে জানান তারা।এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম বলেন, “ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি কমাতেই আমাদের এই উদ্যোগ। দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকরা যেন নিরাপদ ও স্বস্তিতে অপেক্ষা করতে পারেন, সেই লক্ষ্যেই শহীদ ওসমান হাদী গার্ডিয়ান প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষার পুরো সময়জুড়ে আমরা সেবা কার্যক্রম চালিয়ে যাবে।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, "ভর্তি পরীক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং অভিভাবকদের ভোগান্তি লাঘব করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার পুরো সময়জুড়ে এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।"
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১৫৪ জনেরও বেশি ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়—এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। কুবি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন ২৯ হাজার ৮২১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৬ হাজার ৫১৫ জন পরীক্ষার্থী।
৪ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
