Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, অক্টোবর ৫, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ক্যাম্পাস

কুবি কর্মকর্তার ওপর হামলা, যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

কুবি প্রতিনিধি:
৪ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬
# ফাইল ফটো


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) এস্টেট শাখার প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কোটবাড়ি চাঙ্গিনী এলাকার শাহজালাল আলালের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। 


জানা যায়‚ অভিযুক্ত শাহজালাল আলাল ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা।


বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে কোটবাড়ি এলাকার চাঙ্গিনী দক্ষিণ মোড়ে হাফেজ মনির হোসেনের হার্ডওয়্যারের দোকানে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


খলিলুর রহমানের অভিযোগ, তিনি ওই দোকানে বসে থাকা অবস্থায় শাহজালাল আলাল সেখানে এসে একটি কোদালের হাতল দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার হাঁটুতে গুরুতর ব্যথা লাগে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।


লিখিত অভিযোগে খলিলুর রহমান বলেন, “আলাল হার্ডওয়্যার দোকান থেকে কোদালের হাতল নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমাকে আহত করে। এতে আমি হাঁটুতে প্রচণ্ড ব্যথা পাই।”


তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে গালিগালাজ করা হয় এবং শাহজালাল তাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।


হামলার বিষয়ে খলিলুর রহমান বলেন, “বাড়ির পাশে চা খাওয়ার সময় একটি অপরিচিত নম্বর থেকে কল করে গালিগালাজ করা হয়। এরপর হঠাৎ এসে একজন লাঠি নিয়ে আমাকে মারতে থাকেন। কেন আমার ওপর হামলা করা হয়েছে, তা আমি জানি না।”


প্রত্যক্ষদর্শীদের মতে‚ মারামারির ঘটনা ঘটে একটি সংবাদ সম্মেলনে শব্দের ব্যাবহার নিয়ে। সাংবাদিকদের সামনে পলাতক আওয়ামী লীগ এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে 'সন্ত্রাসীদের গডফাদার' হিসেবে উল্লেখ করলে যুবলীগ নেতা শাহজালাল আলাল এর জের ধরে খলিলুর রহমানকে মারধর করেন।


অভিযুক্ত শাহজালাল আলাল বলেন‚ "অপ্রতিম হত্যাকাণ্ডে 'কোটবাড়ি বাইকার গ্রুপকে' (কেবিজি) সমকালের একটা প্রতিবেদনে 'কিশোর গ্যং' হিসাবে তুলে ধরা হয়েছে। কিন্তু তারা সামাজিক সহয়তামূলক কার্যকলাপ করে থাকে। সেই প্রতিবেদনের বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন করে এবং স্ক্রিপ্ট লিখে দেন 'খলিল'। স্ক্রিপ্টে আওয়ামী লীগের  সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার কে উদ্দেশ্য করে কিছু নেতিবাচক শব্দ লিখা হয়। এটা নিয়ে খলিলের সাথে আমার ধাক্কা-ধাক্কি হয়।"


অভিযোগে শাহজালাল আলালের রাজনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন দাবি করা হয়েছে। খলিলুর রহমান অভিযুক্তকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং কুমিল্লার কোটবাড়ি এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন। 


এছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় আন্দোলনে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় করা একটি মামলায় শাহজালাল আলালকে আসামি করা হয়েছে বলেও জানা গেছে করা হয়েছে।


জানা যায়, ওই ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়, যার নম্বর ৬৮২৪/২০২৪। এ ছাড়াও শাহজালাল আরও কয়েকটি মামলার আসামী বলে জানা গেছে।


এ অভিযোগের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা এস.আই নজরুল ইসলামকে কল দিলে তিনি জানান‚ প্রাথমিক কিছু তথ্য সংগ্রহ করেছেন তিনি। এ ছাড়া আরো তদন্ত করে যদি অভিযোগের সত্যতা মেলে তাহলে অভিযুক্তকে এ্যারেস্ট করা হবে। 


এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলামকে কল দিলে তিনি ব্যাস্ততার কথা বলে কল কেটে দেন।


এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ শাহাদাত বলেন‚ “আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে খলিল। এলাকায় ছাত্রলীগ ও কিশোর-গ্যাং এর হামলার শিকার হয়েছেন তিনি। উনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আমারা ওনার নিরাপত্তার জন্য যা করতে হয় সব করবো।"

৪ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন