Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

লিড নিউজ

আওয়ামী লীগ থেকে ‘পদত্যাগের’ ঘোষণা কামাল মজুমদারের

ডেস্ক রিপোর্ট:
৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো




সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার রাজনীতি থেকে সম্পূর্ণ অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, তিনি আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকেও অব্যাহতি নিয়েছেন এবং এখন দলীয় কোনো পদে নেই। ৭৬ বছর বয়সে রাজনীতি করা সম্ভব নয় বলে উল্লেখ করে তিনি নতুন নেতৃত্ব আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।


সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এ কথা

বলেন। এদিন কামাল আহমেদ মজুমদারসহ ছয়জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে পুলিশ প্রহরায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। ১০টা ৭ মিনিটে বিচারক এজলাসে আসেন এবং কাফরুল থানার মামলায় ছয়জনকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়।


শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। বিচারক প্রথমে তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে কামাল আহমেদ মজুমদারকে কথা বলার অনুমতি দেন। তখন তিনি আক্ষেপ করে বলেন, "আমার বয়স ৭৬ বছর। আমার চোখে সমস্যা আছে, ৭০ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আমি আমার পরিবারের কোনো খোঁজ-খবর নিতে পারছি না। মৃত্যুর আগ পর্যন্ত আমি আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি রাজনীতি থেকে ইস্তফা দিলাম এবং আওয়ামী লীগের কোনো পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। কারাগারে ডায়াবেটিসের চেক করার জন্য ডিজিটাল যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না। এমনকি পবিত্র কোরআন শরিফও দেওয়া হয়নি। একের পর এক মামলা দেওয়া হচ্ছে এবং নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার উপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরিফ দেওয়া হোক।"


এসময় বিচারক তাকে আইনজীবীর মাধ্যমে আবেদন করার পরামর্শ দেন। এরপর বিচারক তার গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।


উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

৭ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন