Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, আগস্ট ৫, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

শিক্ষা

"আমরা চেয়েছিলাম শরিফ স্যার ভিসি হবেন, আগের প্রশাসন অথর্ব প্রশাসন ছিল"— কুবি ছাত্রদলের আহ্বায়ক শুভ

কুবি প্রতিনিধি:
১৩ ঘন্টা আগে বুধবার, আগস্ট ৫, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেছেন, "আমরা স্বপ্ন দেখতাম আমাদের শিক্ষক একদিন ভিসি হবেন। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমরা চেয়েছিলাম শরিফ স্যার ভিসি হবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আরও দুইজন প্রজ্ঞাবান শিক্ষককে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে পেয়েছি।"


মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


শুভ বলেন, "বিগত প্রশাসন যারা ছিল, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই। কেউ কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু গত প্রশাসন আসলে একটি অযোগ্য, অথর্ব প্রশাসন ছিল। তারা এই বিশ্ববিদ্যালয়কে দলীয়করণ করে একপাক্ষিকভাবে পরিচালনা করতে চেয়েছিল।"


বর্তমান প্রশাসনের প্রশংসা করে তিনি বলেন, "বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে। আমরা চাই সবাইকে নিয়ে একটি শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। আমরা চাই না অতীতের মতো একনায়কতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক।"


শিক্ষার্থীদের মুক্তচিন্তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদল আহ্বায়ক বলেন, "আমাদের ভাই-বোনেরা যেন স্বাধীনভাবে সাংস্কৃতিক ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারে, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।"


বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে দলীয়করণের অভিযোগ তুলে তা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের হয়রানি, হল-সংক্রান্ত সমস্যা ও শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।


এ সময় তিনি আরও বলেন, "আমাদের শিক্ষকদের প্রতি সম্মান রয়েছে। তবে কোনো শিক্ষার্থীকে যদি অন্যায়ভাবে হুমকি দেওয়া হয় বা রাজনৈতিক পরিচয়ের কারণে হয়রানি করা হয়, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সহাবস্থান, শিক্ষার্থীদের অধিকার এবং একটি শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস চাই।"


বক্তব্যের শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সকলের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

১৩ ঘন্টা আগে বুধবার, আগস্ট ৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন