Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

সারাদেশ

শাহজালাল বিমানবন্দরে পায়ুপথ থেকে সোনার ডিম উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ
৬ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬
# ফাইল ফটো



হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পায়ুপথে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কেজি ৬৬২ গ্রামের তিনটি স্বর্ণের ডিম উদ্ধারের মামলায় মোহাম্মাদ মিনহাজের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

সোমবার (২ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুল হাসিব আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডের তথ্য নিশ্চিত করে প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। 

এদিকে রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনহাজ স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য গোপন করেছেন এবং অসংলগ্ন তথ্য দিয়েছেন। তিনি একটি আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের পরিচয়, চক্রের মূল হোতা এবং চোরাচালানের অর্থের উৎস ও লেনদেনের তথ্য উদঘাটন করা প্রয়োজন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, মিনহাজের বাড়ি চট্টগ্রামের রাউজান থানার নতুন হাট এলাকায়। তিনি ১ নভেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে চট্টগ্রাম হয়ে আবুধাবি যাওয়ার জন্য টিকিট করেছিলেন। এ সময় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে গোপন তথ্য আসে, মিনহাজের পায়ুপথে স্বর্ণ লুকানো রয়েছে।

ওই তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ডিপারচার বোর্ডিং ব্রিজ-সি-৪ সংলগ্ন হোল্ডিং লাউঞ্জ থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন কাস্টমস গোয়েন্দারা। পরে অধিকতর পরীক্ষার জন্য তাকে উত্তরার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে ডিম্বাকৃতির স্বর্ণপেস্টের অস্তিত্ব শনাক্ত হয়। পরে তার পরিহিত অন্তর্বাসের ভেতর থেকে তিনটি ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। প্রতিটির ওজন ৪৫৪ গ্রাম।

সব মিলিয়ে উদ্ধার করা স্বর্ণপেস্টের ওজন ১ হাজার ৬৬২ গ্রাম। জুয়েলারি ব্যবসায়ীর পরীক্ষায় এগুলো ২৪ ক্যারেটের স্বর্ণপেস্ট বলে প্রত্যয়ন করা হয়। পরিশোধনের পর এসব স্বর্ণপেস্ট থেকে আনুমানিক ১ হাজার ২৬০ গ্রাম স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা স্বর্ণপেস্টের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১২ লাখ ৯৪ হাজার টাকা।

এ ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাফায়েত উল্লাহ ভূইয়া বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা করেন।

৬ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ২, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন