নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরাবো এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধ ডিস ব্যবসা পরিচালনার অভিযোগ এবং বৈধ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৬ আগস্ট) বরাবো সড়কের পাশে আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় তারা অবৈধ ডিস ব্যবসা বন্ধ, বৈধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম আরিফ, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পরও এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ডিস ব্যবসা পরিচালনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
তারা বলেন, এলাকায় তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চান এবং বৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ চান। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, অবৈধ ব্যবসার কারণে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
১ দিন আগে বুধবার, আগস্ট ১৯, ২০২৬