Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, জুলাই ৩১, ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

বিনোদন

প্যারিসে বাংলা সংস্কৃতির রঙিন আয়োজন, ২ আগস্ট মঞ্চে মাতাবেন জেমস

স্টাফ রিপোর্টার:
৪ ঘন্টা আগে শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
# ফাইল ফটো





ইউরোপের বুকে আবারও বসতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা। আগামী ২ আগস্ট ফ্রান্সের প্যারিসের অদূরে সারসেল শহরের স্টাড এমিল জোলা মাঠে অনুষ্ঠিত হবে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।


অফিওরা ও শাহ গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসব শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। এবারের আসরের প্রধান আকর্ষণ জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমস। তাঁর পরিবেশনা ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্প্রতি অনুষ্ঠানস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) এবং অফিওরার পরিচালক কৌশিক রাব্বানী জানান, আয়োজনকে সুষ্ঠু ও নিরাপদ করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা হয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমোদন সম্পন্ন হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তায় স্থানীয় ফরাসি পুলিশ ও প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করবেন।


সংগীতানুষ্ঠানের পাশাপাশি ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শিল্পী এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে গান, নৃত্য ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। ফলে দিনব্যাপী উৎসবটি পরিণত হবে বাংলা সংস্কৃতির এক প্রাণবন্ত আসরে।


মেলা প্রাঙ্গণে থাকবে দেশীয় খাবার, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প এবং বিভিন্ন বাংলাদেশি পণ্যের স্টল। প্রবাসে বসবাসকারী নতুন ও পুরোনো প্রজন্মের কাছে দেশের স্বাদ, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে এই আয়োজন। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ।


আয়োজকদের বিশ্বাস, ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচয় পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে প্রত্যাশা তাদের।

৪ ঘন্টা আগে শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন