বলিউড ভাইজান সালমান খান জানিয়েছেন, তিনি ১৬ কেজি ওজন কমিয়েছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্বেগের মধ্যে এই তথ্য সামনে এসেছে।
সম্প্রতি অ্যামাজন প্রাইমের রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর ফাইনাল সপ্তাহে ভাই সোহেল খানকে সমর্থন জানাতে বিশেষ অতিথি হিসেবে হাজির হন সালমান। অনুষ্ঠানটির একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে সালমানকে সোহেলের সঙ্গে ওজন কমানো নিয়ে কথা বলতে দেখা যায়। সোহেল জানান, তিনি ১২ কেজি ওজন কমিয়েছেন এবং নিজের অ্যাবসও দেখান। জবাবে সালমান বলেন, ‘আমি ১৬ কেজি ওজন কমিয়েছি।’
সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে সালমানের উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেক ভক্ত তার চেহারা দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
রিয়েলিটি শোতে ভাইয়ের সঙ্গে আলাপচারিতার সময় সালমান মজা করে অভিনেতা রিতেশ দেশমুখকেও খোঁচা দেন। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে রিতেশ দেশমুখের চাকরি বিপদে আছে।’ যদিও তিনি ঠিক কী প্রসঙ্গে এ মন্তব্য করেছেন, তা প্রচারিত প্রোমোতে স্পষ্ট করা হয়নি।
অনুষ্ঠানে সোহেল এক আবেগঘন মুহূর্তের কথা উল্লেখ করে বলেন, তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে স্টোররুমের দরজায় বারবার লাথি মেরেছিলেন। এরপর সালমান প্রতিযোগীদের উদ্দেশে মজা করে জানতে চান, তারা কি সোহেলকে অতিরিক্ত চাপ দিচ্ছেন।
সালমান খান ও রিতেশ দেশমুখের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রিতেশের পরিচালনায় নির্মিত প্রথম চলচ্চিত্র ‘রাজা শিবাজি’-তে তার অনুরোধেই বিশেষ উপস্থিতি দিয়েছিলেন সালমান।
ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত আলোচনার বাইরে থাকা সোহেল খান ‘অ্যালায়েন্স’-এ অংশ নেওয়ার পর নতুন করে আলোচনায় আসেন। পরে তার সাবেক স্ত্রী সীমা সাজদেহও অনুষ্ঠানে যোগ দিলে দর্শকদের আগ্রহ আরও বাড়ে। সোহেল ফাইনাল সপ্তাহে জায়গা করে নেওয়ায় তাকে উৎসাহ দিতে হাজির হন সালমান।
দীর্ঘদিন ‘বিগ বস’ সঞ্চালনার মাধ্যমে দর্শকদের সামনে উপস্থাপক হিসেবে পরিচিত সালমান এবার কোনো সঞ্চালক বা তারকা অতিথি হিসেবে নয় বরং একজন সহায়ক বড় ভাইয়ের ভূমিকায় রিয়েলিটি শোতে উপস্থিত হন। এই ভিন্ন রূপ ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
১০ ঘন্টা আগে সোমবার, আগস্ট ৩, ২০২৬