Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

জাতীয়

লামায় অপহৃত ৬ রাবার শ্রমিক সেনা অভিযানে উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
১ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
# ফাইল ফটো



বান্দরবানের লামা উপজেলায় অপহৃত ছয় রাবার বাগান শ্রমিককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অপহরণের দুদিন পর শুক্রবার ভোরে দুর্গম পাহাড় থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


গত বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে লামার টংকাবতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরডেরা

এলাকায় একটি রাবার বাগান থেকে ওই শ্রমিকদের অপহরণ করা হয়। অপহৃতরা হলেন- নুরুল আফসার (১৯),  মো. আরাফাত (২২), ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯) ও সাকিব (১৮)।


উদ্ধার হওয়া এই শ্রমিকরা সবাই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে স্থানীয় ইসমাইল হোসেনের রাবার বাগানে কাজ করে আসছিলেন।


বাগান মালিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করার সময় একদল অস্ত্রধারী মুখোশ পরা দুর্বৃত্ত তাদের মারধর করে চোখ বেঁধে নিয়ে যায়। পরে বাগান মালিকের কাছে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।


ঘটনার পরপরই অপহৃতদের উদ্ধারে বান্দরবানে সেনাবাহিনীর একাধিক টহল দল টংকাবতী ও হাতিরডেরা এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। আইএসপিআর জানায়, দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও সেনাবাহিনীর ক্রমাগত চাপের মুখে অপহরণকারীরা শ্রমিকদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। শুক্রবার ভোরের আলো ফুটলে সেনাসদস্যরা শ্রমিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।


আইএসপিআর আরও জানান, উদ্ধারকৃত শ্রমিকদের আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। 


পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

১ ঘন্টা আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন