Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, আগস্ট ১৭, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা

কুমিল্লায় প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ৩ লাখ ইয়াবাসহ আটক ২

স্টাফ রিপোর্টার:
১ ঘন্টা আগে সোমবার, আগস্ট ১৭, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লায় একটি প্রাডো গাড়ি থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।


সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


আটকরা হলেন—ফয়সাল ও আরমান। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান ঢাকার উদ্দেশে মহাসড়ক দিয়ে পরিবহন করা হবে। এরই ধারাবাহিকতায় জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় একটি প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।


পুলিশ আরও জানায়, অভিযুক্তদের ব্যবহৃত গাড়িটি আগের রাতে চট্টগ্রামে অবস্থান করছিল। পরদিন সেটি ঢাকার দিকে যাচ্ছিল।


কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে চালানের সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ইয়াবার চালানের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উদ্ধার হওয়া প্রাডো গাড়িটির মালিকানা যাচাই করতে রেজিস্ট্রেশনসংক্রান্ত তথ্যও পরীক্ষা করা হবে।


পুলিশের দাবি, কুমিল্লায় সাম্প্রতিক সময়ে আটক হওয়া ইয়াবার চালানগুলোর মধ্যে এটি অন্যতম বড় চালান।

১ ঘন্টা আগে সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন