কুমিল্লা–সিলেট মহাসড়কের সম্প্রসারণকাজের সড়কসংলগ্ন এলাকা থেকে তোলা মাটি ব্যক্তিগত কৃষিজমি ভরাটে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ১০ থেকে ১২টি ড্রাম ট্রাকে করে মাটি অন্যত্র নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রায় ৪০ লাখ টাকায় মাটি কিনে নেওয়ার দাবি করেছেন কয়েকজন ড্রাম ট্রাকচালক।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে সাহেবের বাজার সংলগ্ন গরু বাজার পর্যন্ত রাস্তার পাশ হতে প্রায় ১ কিঃ মিঃ অংশের মাটি সড়ক ও জনপথের ঠিকাদার মোঃ ফারুক অনৈতিকভাবে উদ্যোগ নিয়ে স্থানীয় ব্যবসায়ী আবু কাউছার রোকনের নিকট বিক্রি করেন। উক্ত স্থানের মাটি রোকন তার ব্যক্তিগত ২ টি ফসলি জমি ভরাটের কাজে ব্যবহার করছেন।
ড্রাম ট্রাক চালকরা জানান , প্রকৌশলী দেলোয়ারের নির্দেশে তাঁরা এসব মাটি নির্দিষ্ট স্থান থেকে নিয়ে যাচ্ছেন। তবে মাটি বিক্রির অর্থ কারা পেয়েছেন, তা জানা যায়নি।
রাস্তা সম্প্রসারণ কাজের ঠিকাদার ক্লাসিক বিল্ডার্স বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে সম্প্রসারণকাজের ঠিকাদার ফারুককে মুঠোফোন সংযোগে পাওয়া যায় নি।