Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, নভেম্বর ২৩, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা

‎কুমিল্লায় ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

‎নিজস্ব প্রতিবেদক:
৩ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
# ফাইল ফটো


‎
‎কুমিল্লায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে।
‎
‎গত ৪৮ ঘণ্টায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।
‎
‎কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন জেলা পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
‎
‎এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

৩ ঘন্টা আগে সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন