Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, আগস্ট ১৭, ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

লিড নিউজ

জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিতে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
২ ঘন্টা আগে সোমবার, আগস্ট ১৭, ২০২৬
# ফাইল ফটো


জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতিতে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 


সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছে সরকার। তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। মাত্র ছয় মাস পার হয়েছে। এর মধ্যে অনেক সংস্কার কাজ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে।


তিনি বলেন, আশা করি, ১৮০ দিনের মধ্যে সরকার বাস্তবায়িত এবং শুরু করা কর্মসূচি প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দু-একটি সংকটময় পরিস্থিতি সফলতার সঙ্গে মোকাবিলা করা হয়েছে।


ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট যেন না হয়, সেজন্য সারা পৃথিবী থেকে ব্যাপক বিনিয়োগ আহ্বান করা হচ্ছে। অভ্যন্তরীণ বিনিয়োগও হবে।


তিনি জানান, মাতারবাড়িতে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। মহেশখালীতে আরেকটি এফএসআরইউ স্থাপনের জায়গা নির্ধারণ করতে জরিপ চলছে। জিটুজি ভিত্তিতে দুটি এফএসআরইউ নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সামিট ও এক্সিলারেট এনার্জির এফএসআরইউ রয়েছে। এগুলোতে যান্ত্রিক ত্রুটি বা সমস্যা দেখা দিলে সরবরাহ বিঘ্নিত হয়। এমন সমস্যায় সরকার পড়েছে।


বিগত ফ্যাসিবাদী সরকারের সময় গ্যাসের ক্ষেত্রে আমদানি নির্ভরতা তৈরি হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, এ থেকে বেরিয়ে আসতে দেশের অভ্যন্তরে অনুসন্ধান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে দেশীয় সম্পদ দিয়েই গ্যাসের সমস্যা সমাধান করা সম্ভব হবে।


খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া পরিকল্পনাও প্রায় বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।


এদিকে জাতিসংঘের প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এখনও প্রতিবেদনটি পড়েননি, তবে শুনেছেন। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ থাকতে পারে। প্রতিবেদন না দেখে এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না।


তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্ট এখনও পড়িনি। রিপোর্টে বলা হয়েছে তারা অনুমান করেছে। অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর তো আমরা অ্যাকশন করতে পারি না।’

২ ঘন্টা আগে সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন