জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা জেলার পক্ষ থেকে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসিরুউদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। এতে গুরুতর আহত হয়েছে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ।
গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপ্রকাশ, শান্তিপূর্ণ কর্মসূচি পালন এবং রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। মতের ভিন্নতার কারণে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন কিংবা হামলার মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন এবং রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী।
জাতীয় নাগরিক পার্টি, কুমিল্লা জেলা মনে করে, রাজনৈতিক অঙ্গনে সহিংসতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, যুক্তি এবং গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশই দেশের জন্য কল্যাণকর। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কোনো রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা কখনোই সন্ত্রাস, হামলা বা সহিংসতার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী এ ধরনের হামলার শিকার না হন, সে লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
জাতীয় নাগরিক পার্টি, কুমিল্লা জেলা দেশের সকল রাজনৈতিক শক্তির প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছে। আমরা সকল ধরনের রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করছি।
৪ ঘন্টা আগে বুধবার, জুলাই ২৯, ২০২৬