সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও পাঁচ শিশুর। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ২৩২ শিশুর শরীরে। এর মধ্যে ৮৩ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৩৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৩৯ শিশু মারা গেছে, আর নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু।
প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭২ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪১ শিশু। এ ছাড়া বরিশালে ৪৯, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৩, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ শিশু মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনের।এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪৮৭ জনের। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৩১ হাজার ৬৬৪ রোগী, যাদের মধ্যে এক লাখ ২৬ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
১৭ ঘন্টা আগে বুধবার, আগস্ট ২৬, ২০২৬