Daily Bangladesh Mirror

ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা

ব্রাহ্মণপাড়ার চান্দলায় শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা আড়াই লাখ টাকায় রফাদফার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
২২ ঘন্টা আগে শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
# ফাইল ফটো



কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ধলগ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা আড়াই লাখ টাকার বিনিময়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে রফাদফা করার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ফটো মিয়ার নেতৃত্বে এ সালিশ অনুষ্ঠিত হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।


স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর দুপুরে ধলগ্রামের প্রবাসফেরত দোকানদার ৫৫ বছর বয়সী ইসাক মিয়ার দোকানে চিপস কিনতে যায় ৮ বছর বয়সী ওই শিশু। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। শিশুটির আত্মচিৎকারে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।


অভিযোগ রয়েছে, পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফটো মিয়া বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেন। এ সময় ফটো মিয়া, স্থানীয় সালিশদার মো. হান্নান মিয়া, অভিযুক্ত ইসাক মিয়ার বড় ভাই ইউনুস মিয়া, স্থানীয় চান মিয়া বেগ, শিশুটির দাদা জমশিদ মিয়া ও চাচা জাকিরসহ কয়েকজনের উপস্থিতিতে সালিশ বসে।


স্থানীয়দের অভিযোগ, ওই সালিশে আড়াই লাখ টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসা করে ধামাচাপা দেওয়া হয়।


ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “একটি শিশুর সঙ্গে এমন গুরুতর ঘটনার বিষয় যদি টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়া হয়, তাহলে এলাকায় এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। আমাদের শিশুরাও নিরাপদ নয়।”


স্থানীয়দের দাবি, অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি এবং সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হোক।

২২ ঘন্টা আগে শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন