Daily Bangladesh Mirror

ঢাকা, সোমবার, জুলাই ২০, ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

লিড নিউজ

যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়েছে তা এখনো সম্পূর্ণভাবে অর্জিত হয়নি: স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
১ দিন আগে সোমবার, জুলাই ২০, ২০২৬
# ফাইল ফটো


দেশের মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে তা এখনো সম্পূর্ণভাবে অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহিদ সাংবাদিক সম্মাননা শীর্ষক এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।


স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দীর্ঘকাল ফ্যাসিস্ট সরকার তাদের নীলনকশা সফল করার জন্য সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল। এটি করতে তারা গণতন্ত্রের পক্ষের শক্তিকে হত্যা করছিল। ভিন্নমত দমনে হত্যা, গুম ও নির্যাতনের পথ বেছে নিয়েছিল।


মির্জা ফখরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। এবারও সেই দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই হয়েছে। তবে দেশের মানুষ শেষ পর্যন্ত যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে, তা সম্পূর্ণভাবে অর্জন করা সম্ভব হয়নি।


বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, নতুন করে রাষ্ট্র নির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে, তার সদ্ব্যবহার করতে হবে। বিশ্বাস আছে নিশ্চয়ই আমরা সেই দেশ নির্মাণ করতে সক্ষম হবো, যেখানে ন্যায়, ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।


জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত। আলাপ-আলোচনার মাধ্যমে এটি হতে পারে। সংবিধানে যেসব পরিবর্তন দরকার সে বিষয়ে বিরোধী দল আলাপ-আলোচনার মাধ্যমে সহযোগিতা করতে পারে।


মির্জা ফখরুল ইসলাম বলেন, শহিদদের স্বজনদের সামনে দাঁড়ালে অপরাধী মনে হয়। নিহতদের পরিবারের সদস্যরা যখন এ ধরনের অনুষ্ঠানগুলোতে আসেন, তখন হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়, তা মেনে নিতে কষ্ট হয়। এ সময় দীর্ঘ ১৫ বছরে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অন্তত ১৭শ’ মানুষ গুম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা মিডিয়ার তোষামোদি-মোসাহেবি দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে সেটাই দেখতে হয়। জাতিগতভাবে সেখান থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না।

১ দিন আগে সোমবার, জুলাই ২০, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন