ইরানের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ তুলে না নিলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় ইরান। জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেনি এ তথ্য জানিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবরোধের মতো পদক্ষেপকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বর্ণনা
করেছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, ইরানের বন্দরগুলোকে লক্ষ্য করে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নির্ভর করছে।বিবিসি রেডিও ৪-এর ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে আলি বাহরেনি এই অবরোধকে যুদ্ধবিরতির একটি ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছেন এবং জোর দিয়ে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে আলোচনা এগোতে পারে না।
তেহরান কেবল অপর পক্ষকে আরও আগ্রাসনের জন্য প্রস্তুত হওয়ার সময় দেয়ার উদ্দেশ্যে আলোচনা চাইছে না বলেও জানান তিনি। আলি বাহরেনি বলেন, যে কোনো কূটনৈতিক প্রক্রিয়া অবশ্যই আন্তরিকতার ওপর ভিত্তি করে হতে হবে।
ওয়াশিংটনের কাছ থেকে একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিরও আহ্বান জানিয়েছেন বাহরেনি। অর্থপূর্ণ আলোচনার পূর্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে ও যুক্তিসঙ্গত দাবিগুলো পূরণ করতে অনুরোধও করেছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। এতে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী অধিকৃত অঞ্চল এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
এরপর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহব্যাপী একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, যা সংঘাতে জড়ানো দেশগুলোর আলোচনার পথ প্রশস্ত করে। সেই আলোচনা চলাকালে, ইরান একটি ১০-দফা প্রস্তাব পেশ করে, যার মধ্যে মার্কিন বাহিনীর প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
তবে, ১১ ও ১২ এপ্রিল ২১ ঘণ্টা আলোচনার পরও উভয় পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ওয়াশিংটনের প্রতিশ্রুতি পালনের সদিচ্ছা নিয়ে গভীর অবিশ্বাসের কথা উল্লেখ করেন ইরানি প্রতিনিধিরা। ইরান স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধবিরতি আলোচনায় ফেরা নির্ভর করছে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের ওপর।
১ দিন আগে রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
