Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

রাজনীতি

নির্বাচিত হলে উন্নয়ন, শিক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি অগ্রাধিকার: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:
৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন।


সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা

দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত হয়েছি।’


তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে, এখানে আমি মনোনীত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’


মহাসচিব আরও বলেন, নির্বাচিত হলে তিনি ঠাকুরগাঁও অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। ‘এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকদের যে সমস্যা রয়েছে, তা সমাধানের জন্যও আমরা কাজ করব,’ যোগ করেন তিনি।


তিনি নির্বাচনের সময় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে আমি এই এলাকার জনগণের কাছে অনুরোধ রাখছি, দয়া করে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেই সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন।’

৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন