Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, আগস্ট ৫, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে এবার সমঝোতা ভেস্তে গেলে আর কোনো উপায় থাকবে না : ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট:
১০ ঘন্টা আগে বুধবার, আগস্ট ৫, ২০২৬
# ফাইল ফটো


ইরানের সঙ্গে সমঝোতা ভেস্তে গেলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো উপায় থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন বলে জানায় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।


তিনি বলেন, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালাতে যাচ্ছিলাম। তখন তারা (ইরানি কর্মকর্তারা) আমাকে ফোন করে খুব ভদ্রভাবে বলল, “দয়া করে, আমরা কি কথা বলতে পারি?’ আমি বললাম, ‘হ্যাঁ, আমরা কথা বলতে পারি। চলুন, এবার বিষয়টির সমাধান করি’।”


তিনি বলেন, ‘তারা যদি আবারও পিছু হটে, তাহলে খুব কঠোরভাবে আঘাত করা হবে। তারা এটা জানে, বোঝেও। আমার আর কোনো উপায় নেই। ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। বিষয়টি খুবই সহজ।’


মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে। কিন্তু তেহরান প্রকাশ্যে এখনো এ অগ্রগতির কথা নিশ্চিত করেনি। এ বিষয়ে তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কার্যকর পদক্ষেপ। তারা সমঝোতা করতে চায়। দেখা যাক কী হয়। যদি তারা সমঝোতা না করে, তাহলে সেটা খুবই দুঃখজনক হবে।’


ট্রাম্প বলেন, মঙ্গলবার সারা দিন আলোচনা হয়েছে এবং সব কিছু খুব ভালোভাবে এগোচ্ছে বলে মনে হচ্ছে। যদি হরমুজ প্রণালি খুলে যায় আর আমাদের মধ্যে কোনো উত্তেজনা না থাকে, তাহলে জ্বালানির দাম কমে প্রতি গ্যালন ২ দশমিক ৫০ ডলারে নেমে আসতে পারে।


তিনি আরো বলেন, তেল কম্পানিগুলোর এখন জ্বালানির দাম কমানো উচিত। পরে ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালোভাবেই এগোচ্ছে’। 


এদিকে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।


এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। তবে তিনি আশা করছেন, খুব শিগগিরই একটি সমঝোতা হবে।

১০ ঘন্টা আগে বুধবার, আগস্ট ৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন