সেই লুসাইল স্টেডিয়াম থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। ২০২২ সালের ১৯ ডিসেম্বর, লিওনেল মেসি যখন বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত উপহার দিয়েছিলেন, ঠিক তখন থেকেই শুরু হয়েছিল পরবর্তী বিশ্বকাপের ক্ষণগণনা।
শেষ পর্যন্ত শিরোপার খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন লিওনেল মেসি। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন স্পর্শ করার মতো দূরত্বে গিয়েও শেষ পর্যন্ত তা অধরাই থেকে যায়। নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার ঠিক এক ধাপ আগে থেমে যেতে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে, আর সঙ্গী হয়েছে শুধুই আক্ষেপ।
ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ছিল আর্জেন্টিনা। ৬৪ বছরের অপেক্ষার অবসানের সুযোগ ছিল তাদের। কিন্তু স্পেনের দুরন্ত ফুটবলের কাছে হার মানতে হয় তাদের। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে টানা দুই আসরে শিরোপা জয়ের কীর্তি আছে মাত্র দুটি দলের। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে এই বিরল অর্জন এখন পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে ইতালি ও ব্রাজিলের মধ্যে। সেই তালিকায় নাম লেখানোর সুযোগ ছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। কিন্তু হতশ্রী ফুটবলে পথ ভুললো আলবিসেলেস্তরা।
১৯৩৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের পর ১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত আসরেও শিরোপা ধরে রেখেছিল ইতালি। এরপর দীর্ঘ ২৪ বছর কেউ সেই রেকর্ড ছুঁতে পারেনি। ১৯৫৮ সালে সুইডেনে এবং ১৯৬২ সালে চিলিতে টানা দুটি বিশ্বকাপ জিতে ফুটবল বিশ্বে নতুন ইতিহাস গড়ে ব্রাজিল। সেই দলে ছিলেন কিংবদন্তি পেলে, যার নেতৃত্বে ব্রাজিল বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল।
এরপর কেটে গেছে ৬৪ বছর। একের পর এক বিশ্বচ্যাম্পিয়ন এলেও কেউ টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০০২ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০০৬ সালের ইতালি ২০১০ সালে ব্যর্থ হয়। ২০১০ সালের স্পেন ২০১৪ সালে শিরোপা ধরে রাখতে পারেনি। ২০১৪ সালের জার্মানি ২০১৮ সালে গ্রুপ পর্বেই ছিটকে যায়। ২০১৮ সালের ফ্রান্সও ২০২২ সালে ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারায়।
২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।
চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখে আবারও ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তাদের সামনে ছিল ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ। কিন্তু নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে চিরকালীন আক্ষেপকে সঙ্গী করেছে আর্জেন্টিনা।
২১ ঘন্টা আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬