Daily Bangladesh Mirror

ঢাকা, বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আইন ও আদালত

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট:
২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬
# ফাইল ফটো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। উচ্চ আদালতের রায় অনুযায়ী আত্মসমর্পণ না করায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫’র বিচারক ইকবাল হোসেন এই পরোয়ানার আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান সোহান এ তথ্য জানান।

জানা যায়, ২০০৭ সালের মার্চ মাসে টুকুর বিরুদ্ধে

চার কোটি ৯৬ লাখ ১১ হাজার ৯১৬ টাকার সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপপরিচালক শাহরিয়ার চৌধুরী মোহাম্মদপুর থানায় মামলাটি করেছিলেন। কমিশনের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা ওই বছরের ২৮ জুন মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর বিচারিক আদালত এ মামলায় টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে টুকু আপিল করলে ২০১১ সালের ১৫ জুন তাকে খালাস দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। গত ৩০ মে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ টুকুর ৯ বছরের কারাদণ্ড বহাল রাখেন।

গত ২৭ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ পৌঁছায় রায়ের কপি। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি বিচারিক আদালতে  পৌঁছানোর ১৫ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। আজ আদালতে আত্মসমর্পণের কথা ছিল টুকুর। কিন্তু আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

২৬ দিন আগে বুধবার, ফেব্রুয়ারী ৪, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন