Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ৫, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

জাতীয়

আগামীকাল থেকে ১৮ জেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

ডেস্ক রিপোর্টঃ
১ দিন আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬
# ফাইল ফটো


হাম প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। প্রথম ধাপে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানান, রোববার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে

কার্যক্রম শুরু হবে। যেসব এলাকায় হামের সংক্রমণ বেশি, সেসব উপজেলাকে অগ্রাধিকার দিয়ে এই কর্মসূচি চালু করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে আক্রান্তদের বেশিরভাগই ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু। তাই এই বয়সসীমার সব শিশুকেই টিকা দেওয়া হবে, তারা আগে হাম আক্রান্ত হয়ে থাকুক বা না থাকুক। পাশাপাশি অসুস্থ, আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে।

টিকাদান কার্যক্রম তদারকিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে ঢাকার নবাবগঞ্জে যাবেন এবং কক্সবাজারে দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হাম পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “করোনার মতো বড় সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি, হাম নিয়েও আমরা সফল হব।”

২০২৫ সালের টিকাদান কার্যক্রমে গাফিলতির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীত নিয়ে এখন তদন্তে সময় নষ্ট না করে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষের জীবন রক্ষা করাই এখন প্রধান লক্ষ্য।

টিকার আওতাভুক্ত উপজেলা:

বরগুনা সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া, চাঁদপুর সদর, হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ি, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর, নাটোর সদর, মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শ্রীনগর, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা।

১ দিন আগে রবিবার, এপ্রিল ৫, ২০২৬

ইউটিউব সাবস্ক্রাইব করুন