চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আয় ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। সেই সঙ্গে এই সময়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
আজ সোমবার (২২ জুন) বিকেলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। এ সময় নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
পরে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বিটিভির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন তথ্যমন্ত্রী। তার দেয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বিটিভির আয় ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা। আর এই সময়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনটি ব্যয় করেছে ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। তারও আগে ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা ও ব্যয় ছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। এছাড়া ২০২১-২২ অর্থবছরে বিটিভির আয় ছিল ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা ও ব্যয় ছিল ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা এবং ২০২০-২১ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত টেলিভিশনটির আয় হয় ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা এবং ব্যয় ছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা।
৬ ঘন্টা আগে সোমবার, জুন ২২, ২০২৬